সাফ অনূর্ধ্ব-১৭: পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭: পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলোম্বোতে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের দুই মিনিটের মাথায় পাকিস্তানের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় লাল-সবুজরা। পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেয়ার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড অপু। এরপর গোলরক্ষক আরেক দফা বল গ্রিপে ব্যর্থ হন। তখন অধিনায়ক ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে কাটিয়ে বল জালে পাঠান।

এরপরের মিনিটেই ডান প্রান্তে থাকা পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন অপু রহমান। এ সময় তিনি কোনাকুনি জোরালো শট নিলে বল খুঁজে পায় জালের ঠিকানা। এতে ম্যাচের ৪ মিনিটে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার রাতে ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও ভারত। আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সাথে ফাইনালে মুখোমুখি হবে ছোটনের শিষ্যরা।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin