রাজধানীর শাহবাগ অভিমুখে শিক্ষকদের পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
শনিবার (৮ নভেম্বর) বিকাল পৌনে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল সাড়ে তিনটার দিকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন। তবে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায় তাদের পদযাত্রা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।
তারা। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
এর আগে, শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসজর্ন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
শিক্ষকদের তিন দফা দাবি হলো– সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান; শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।