সাইকেলে চড়ে হিমালয় অঞ্চলের অন্নপূর্ণা সার্কিট, মানসলু সার্কিট এবং এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং করায় আরিফুর রহমান উজ্জ্বলকে সংবর্ধনা দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।
বুধবার (৫ নভেম্বর) আরিফুর রহমান উজ্জ্বলকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
দূতাবাস জানিয়েছে, আরিফুর রহমান প্রথম ব্যক্তি যিনি সাইকেলে করে এই তিনটি স্বতন্ত্র এবং চ্যালেঞ্জিং রুট একসঙ্গে সম্পন্ন করেছেন। এই সাহসী এবং দুঃসাহসিক যাত্রার সময়, তিনি পাহাড়ের মধ্য দিয়ে ৮২০ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়েছিলেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “আরিফুরের এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক। দূতাবাস তার সাফল্যে গর্বিত এবং তার ভবিষ্যৎ অভিযাত্রায় আরও সাফল্য কামনা করেছে।”