শাকসুর প্রবিধি ৮ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করে নির্বাচন কমিশনে হস্তান্তর করা হবে : উপাচার্য

শাকসুর প্রবিধি ৮ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করে নির্বাচন কমিশনে হস্তান্তর করা হবে : উপাচার্য

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য প্রবিধি চূড়ান্ত করতে একটি কমিটি কাজ করছে। কমিটি আগামী ৮ অক্টোবরের মধ্যে প্রবিধি চূড়ান্ত করবে এবং ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তা হস্তান্তর করবে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিন্ডিকেট সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এর আগে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিন্ডিকেটের ২৩৭তম সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ এর মধ্যে একটি ছিল শাকসু নির্বাচন। তবে নির্বাচন কমিশন গঠনের সুনির্দিষ্ট কোনো তারিখ বলেননি উপাচার্য।

উপাচার্য বলেন, প্রবিধি সিন্ডিকেট সভায় অনুমোদন হয়ে গেছে। কিছু বিষয় নিয়ে আরেকটু দেখতে হবে। গঠিত কমিটি সে বিষয়ে চূড়ান্ত করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করবে। নির্বাচন কমিশন কবে গঠন করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো তারিখ বলেননি উপাচার্য।

নির্বাচন নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা বা ঘটনা যেন না ঘটে। সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনা। একটি মারামারি বা কোনো ঘটনা ঘটে গেলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে। এক জায়গায় সাংবাদিক মারা গেছেন, আরেক জায়গায় একজন শিক্ষক মারা গেছেন। আমরা চাই না কোনো ঘটনা ঘটুক। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। তাই সবার সহযোগিতা প্রয়োজন।’

এর আগে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে নির্বাচন কমিশন গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সঙ্গে আলোচনা করেন তাঁরা। উপাচার্য শিক্ষার্থীদের সিন্ডিকেট সভার পর নির্বাচন কমিশনের বিষয়ে সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছিলেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin