নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চার জন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইমদাদুল শেখ উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার বিবদমান দুটি গ্রুপের সালিশ অনুষ্ঠিত হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান চুন্নু শেখের ব্যক্তিগত কার্যালয়ে। সালিশ শেষে বাড়ি ফেরার পথে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইমদাদুল শেখ মারা যান। এ ছাড়া সংঘর্ষে কমপক্ষে চার জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াগাতী থানার ওসি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।