সালমান খানের পর দিশা পাটানির বাড়িতে হামলা

সালমান খানের পর দিশা পাটানির বাড়িতে হামলা

বলিউডের বড় দুই তারকার বাড়িতে গুলির ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ভারতে। সালমান খানের বাড়ির পর এবার গুলি ছোড়া হয়েছে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে। গতকাল ভোর ৩টার দিকে বরেলীর ওই এলাকায় মোটরবাইক আরোহী অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছুড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এ ঘটনার দায় স্বীকার করেছে গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই নামের এক গ্যাং। তারা জানিয়েছে, দিশার বাড়িতে গুলি চালানোর কারণ হলো ‘হিন্দু ধর্মকে অপমান করার খেসারত’।

তবে গ্যাংয়ের দাবি, তারা দিশাকে নয় তার বোন খুশবু পাটানিকে লক্ষ্য করেছে। গোল্ডি ব্রারের মতে, খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করেছেন। এটি সনাতন ধর্মের অবমাননা।

গতকালই দিশা পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাইরে পাহারাদারি বাড়ানো হয়েছে।

এদিকে খুশবু পাটানি অনিরুদ্ধ আচার্যের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনিরুদ্ধ এক সাক্ষাৎকারে ‘লিভ-ইন’ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এটিকে খুশবু ‘দেশদ্রোহী’ এবং ‘নপুংসক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‌‘যারা এই ধরনের ব্যক্তিদের অনুসরণ করেন তারা সমাজের জন্য ক্ষতিকর।’

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

বলিউডের এই ঘটনার পেছনে ধর্মীয় উগ্রবাদ এবং ব্যক্তিগত দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে বলে মনে করা হচ্ছে। দ্রুতই এর নিয়ন্ত্রণ না করতে পারলে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

এলআইএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin