সাংবাদিকদের নামে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

সাংবাদিকদের নামে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও আজকের পত্রিকা লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগর এবং আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করা হয়েছিল। মামলা, হামলার মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছিল।  তবে ২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলেও সাংবাদিকরা তাদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত হচ্ছেন।  

গণমাধ্যমকর্মীরা হতাশা ব্যক্ত করে বলেন, এখন সময় এসেছে, গণমাধ্যমকর্মীরা যেন  স্বাধীনভাবে কাজ করার পরিবেশ পান সেই দিকটি নিশ্চিত করতে হবে। কোনো ক্ষমতাসীন দল যেন আর কোনো গণমাধ্যমকর্মীদের নির্যাতন করতে না পারে, তাদের মামলা দিয়ে সত্যকে আড়াল করতে না পারে। সেই সঙ্গে লালমনিহাট ও কুমিল্লার সাংবাদিকদের মিথ্যা মামলা যেন অতি তাড়াতাড়ি প্রত্যাহার করা হয়, সেই হুঁশিয়ারিও তারা দেন। গোটা বাংলাদেশের সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয় সেই তাগিদও সাংবাদিকরা দিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন- কালের কণ্ঠ পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও আমার দেশ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ স্টার নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি জুবাইর, গ্লোবাল টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি রাশিদুজ্জামান তাওহীদ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি এবং কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন প্রমুখ।  

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin