অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদকে ট্রাফিক পুলিশের বক্সে নিয়ে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তোফায়েলের অভিযোগ, রামপুরার সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাছান তাকে ‘নেক্সট টাইম পেলে লটকে রাখার’ হুমকি দিয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যার পর রামপুরার ব্রিজের সামনে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তোফায়েলকে থামায় ট্রাফিক পুলিশ। তখন মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে বাহাসের এক পর্যায়ে তাকে ট্রাফিক বক্সে নিয়ে হুমকি দেওয়া হয়।
তোফায়েল আহমেদ বলেন, আমার গাড়ির কাগজপত্র অফিস কর্তৃপক্ষের কাছে। আমাকে ট্রাফিক পুলিশ থামানোর পর তারা গাড়ি থেকে চাবি নিয়ে নেয়। এরপর আমাকে বলা হয়, ট্রাফিক বক্সের মধ্যে এসি (সহকারী কমিশনার) আছেন, তার সঙ্গে কথা বলতে। আমি তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাকে ১০ মিনিট গালাগালি করেন। এরপর টিআইও আমার সঙ্গে বাজে ব্যবহার করেন, যা পুলিশ বক্সের সিসি ক্যামেরায় রেকর্ড আছে। এরপর এসি বলেন, ‘ওর গাড়ির চাবি দিয়ে দাও, নেক্সট টাইম ওকে পেলে ওর গাড়িসহ লটকাইয়া রাখবা’।
তোফায়েল বলেন, যখন এই কথা বলে তখন আমি আমার মোবাইল ফোন বের করে ভিডিও করতে গেলে টিআইএস আমার হাত থেকে ফোন ছিনিয়ে নেন। এখনো আমাকে ছাড়েননি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো কর্মকর্তার মন্তব্য মেলেনি।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা।
এনডি/