সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, চাঁদ মিয়া (৩০), জাহিদ মাতব্বর (২২) ও দিপু মালাকার (৩১)। এ সময় তাদের হেফাজত থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ রাস্তার পূর্ব প্রান্তে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার পাশ থেকে গত ৫ আগস্ট দুপুরে মো. ফাহাদের (২৫) একটি সবুজ রঙের ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় চুরির মামলা দায়ের করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চাঁদ মিয়াকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে চাঁদ মিয়া জানায়, চোরাই মোটরসাইকেলটি তার সহযোগী জাহিদ মাতব্বরের সহায়তায় চুরি করে টাঙ্গাইল জেলার মির্জাপুরে দিপু মালাকারের কাছে বিক্রি করা হয়। চাঁদ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুরে অভিযান চালিয়ে দিপু মালাকারকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ির গ্যারেজ থেকে চোরাই হাঙ্ক মোটরসাইকেলসহ মোট সাতটি বিভিন্ন মডেলের চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে, দিপু মালাকার ও চাঁদ মিয়ার তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে তাদের সহযোগী জাহিদ মাতব্বরকে (১৬ অক্টোবর) সকালে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, জাহিদ মাতব্বর মোটরসাইকেলের মালিককে অনুসরণ করতো এবং চাঁদ মিয়া মালিক দূরে সরে গেলে সুকৌশলে মোটরসাইকেলের লক ভেঙে চুরি করতো। এরপর তারা টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত দিপু মালাকারের কাছে বিক্রি করতো।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় ডিবি।