‘সব দলই ভারতকে হারাতে পারে’—বাংলাদেশ কোচ সিমন্সের লড়াকু বার্তা

‘সব দলই ভারতকে হারাতে পারে’—বাংলাদেশ কোচ সিমন্সের লড়াকু বার্তা

এশিয়া কাপের সুপার ফোরে বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ম্যাচের আগে দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়ে দিলেন, ভারত অজেয় কোনো দল নয়।

সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলা সেদিনের জন্য। ভারত আগে কী করেছে তা নয়, আসল হলো বুধবারের তিন ঘণ্টা ত্রিশ মিনিটে কী ঘটে। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং ভারতের দুর্বল দিক খুঁজে বের করার চেষ্টা করব। ’

ভারতের সঙ্গে ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, সেটি টের পাচ্ছেন সিমন্সও। তিনি বলেন, ‘ভারত বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল। তাই ম্যাচে বাড়তি হাইপ থাকবেই। আমরা সেটাকে উপভোগ করব এবং মাঠে লড়াই করব। ’

দুবাইয়ের উইকেট নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ। তার ভাষায়, ‘এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ। টস খুব একটা প্রভাব ফেলবে না। তবে পরপর ম্যাচ খেলা শারীরিকভাবে কঠিন, বিশেষ করে এই গরমে। ’

সিনিয়র খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে বিশেষভাবে প্রশংসা করেছেন সিমন্স। তিনি জানান, ‘মুস্তাফিজ দলের প্রধান বোলার হিসেবে দারুণ ভূমিকা রাখছে। টিম মিটিংয়েও সে জুনিয়রদের গাইড করছে। এটা দলীয় চেতনার জন্য অসাধারণ। ’

বাংলাদেশে ক্রিকেট নিয়ে সমালোচনা সবসময় থাকে। এ বিষয়ে সিমন্স বলেন, ‘আমি, আমার কোচিং স্টাফ ও অধিনায়ক যদি আত্মবিশ্বাসী থাকি, তবে বাইরের সমালোচনা আমাদের জন্য হাঁসের গায়ের পানির মতো। ’

তিনি যোগ করেন, ‘আমরা শুধু শ্রীলঙ্কাকে হারাতে আসিনি, আমরা টুর্নামেন্ট জিততে এসেছি। ’

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin