আরশাদ হোসেন নামে এক ক্রেতা বাজার করতে এসেছেন রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে। দামে হতাশ হয়ে তিনি বলেন, ‘বাজারে সব কিছুরই দাম বেশি। সবজির দামে কোনও লাগাম নেই। এ রকম হলে আমাদের মতো সাধারণ মানুষ কী খেয়ে বাঁচবে?
এদিকে সবজির দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে মো. শাহ আলম নামে এক বিক্রেতা বলেন, ‘আজ আবার সবজির দাম বেড়েছে। হয়তো বৃষ্টির কারণে বেড়ে গেছে। এখন বাজারের যে অবস্থা, খুব একটা দাম কমার সম্ভাবনাও দেখি না।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগের তুলনায় আজ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। একই অবস্থা ডিমের বাজারে। মাছের দামও আকাশছোঁয়া। তবে কিছুটা স্বস্তি এসেছে মুরগির বাজারে।
কমছে না সবজির দাম
আজ বাজারে প্রতি কেজি ভারতীয় টমেটো ১২০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ১২০ টাকা, কালো গোল বেগুন ১৬০ টাকা, শিম ২৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, পটল ৮০-১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ১০০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, ধনেপাতা (মান ভেদে) ৩০০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৮০-১০০ টাকা, চাল কুমড়া ৭০-৮০ টাকা। প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা। এছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
jwARI.fetch( $( "#ari-image-jw68d6570f77c69" ) );
এ ক্ষেত্রে দেখা গেছে, প্রতি কেজিতে চায়না গাজর, সব ধরনের বেগুন, করলা, কাঁকরোল, ঢ্যাঁড়স, ঝিঙা, বরবটি, মূলা, লাউয়ের (প্রতি পিসে) দাম বেড়েছে ২০ টাকা করে। পটল, চিচিঙ্গা, ধুন্দলের দাম ১০ টাকা বেড়েছে। শিমের দাম বেড়েছে কেজিতে ৮০-৯০ টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে আগের মতোই।
আলু-পেঁয়াজের বাজার স্থিতিশীল
লাগামহীন দামের মধ্যে আলু-পেঁয়াজ, আদা-রসুনের বাজার এক রকম স্থিতিশীল। আজও কোন পরিবর্তন আসেনি এসব পণ্যগুলোর দামে। কেবল চায়না আদার দাম প্রতি কেজিতে ২০ টাকা কমেছে।
আজ আকার ও মানভেদে ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। এর মধ্যে ছোট পেঁয়াজ ৭০ টাকা ও বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। দেশি পেঁয়াজ ৮০ টাকা, লাল আলু ২৫ টাকা, সাদা আলু ২৫ টাকা, বগুড়ার আলু ৩৫-৪০ টাকা, দেশি রসুন ১০০-১২০ টাকা, চায়না রসুন ১৪০-১৬০ টাকা, চায়না আদা ১৮০ টাকা, ভারতীয় আদা মান ভেদে ১৬০-১৮০ দরে বিক্রি হচ্ছে।
ডিমের দাম বেড়েছে, কমেছে মুরগির
আজ প্রতি ডজন মুরগির লাল ডিম ১২৫-১৩০, সাদা ডিম ১২০ এবং হাঁসের ডিম ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৬৩-১৮০ টাকা, কক মুরগি ২৬০-২৯০ টাকা, লেয়ার মুরগি ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে।
jwARI.fetch( $( "#ari-image-jw68d6570f77c9b" ) );
এতে দেখা গেছে, আজ প্রতি ডজনে লাল ডিমের দাম ৫-১০ টাকা, সাদা ডিমের দাম ৫ টাকা বেড়েছে। তবে হাঁসের ডিমের দাম কমেছে ডজনে ১০ টাকা। প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-১৭ টাকা, কক মুরগির দাম ১০-৪০ টাকা, লেয়ার মুরগির দাম ৫-১০ টাকা কমেছে। এছাড়া আজ গরুর মাংস ৭৮০ টাকা কেজি এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বি.বাড়িয়া চিকেন হাউজের বিক্রেতা মো. সুলতান বলেন, এ মাসে মুরগির দাম কমই থাকবে। এর মধ্যে আর বাড়ছে না। তবে সামনের মাসে গিয়ে আবার হয়তো বাড়তে পারে।
আজ আকার ও ওজন অনুযায়ী ইলিশ মাছ ১০০০-২ হাজার ৪০০ টাকা, রুই ৩০০-৭০০ টাকা, কাতল ৩০০-৬০০ টাকা, চিংড়ি ৮০০-১ হাজার ৩০০ টাকা, কৈ ২৫০ টাকা, পাবদা ৪০০-৭০০ টাকা, শিং ৪০০-১ হাজার ২০০ টাকা, টেংরা ৬০০-৮০০ টাকা, বেলে ৮০০-১ হাজার ২০০ টাকা, বোয়াল ৬০০-১ হাজার ২০০ টাকা, রূপচাঁদা ১০০০-১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
jwARI.fetch( $( "#ari-image-jw68d6570f77cc4" ) );
মুদি পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত
আজ মুদি পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। প্যাকেট পোলাওয়ের চাল ১৫৫ টাকা, খোলা পোলাওয়ের চাল মান ভেদে ৯০-১৩০ টাকা, ছোট মসুর ডাল ১৫৫ টাকা, মোটা মসুর ডাল ১০৫ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেশারি ডাল ১০০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা, ছোলা ১১০ টাকা, মাশকালাইয়ের ডাল ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৭২ টাকা, কৌটাজাত ঘি ১ হাজার ৪৫০-১ হাজার ৫৫০ টাকা, খোলা ঘি ১ হাজার ২৫০ টাকা, প্যাকেটজাত চিনি ১১০ টাকা, খোলা চিনি ১০০ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৩০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকা। এছাড়া এলাচ ৪ হাজার ৭৫০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ২৮০ টাকা, সাদা গোল মরিচ ১ হাজার ৩৫০ টাকা ও কালো গোল মরিচ ১ হাজার ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।