জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে আব্দুল কাদেরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা ভূরিভোজের আয়োজন করেছে।
ডাকসুর সাবেক ভিপি প্রার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বর্তমান জাতীয় ছাত্র শক্তি) সাবেক আহবায়ক আব্দুল কাদের এ সংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেন। পরে আগ্রহী শিক্ষার্থীরা এই আয়োজনে যোগ দেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গান পরিবেশনার পর রাত সাড়ে নয়টার দিকে দুটি গরু এবং দুটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেন তারা। সাড়ে নয়টার দিকে ভূরিভোজে অংশ নিতে টিএসসি এলাকার পায়রা চত্বর থেকে ক্যাফেটেরিয়া পর্যন্ত লম্বা লাইন দেখা গেছে।
সব ক্রিয়াশীল ছাত্রসংঠনকে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ ক্যাম্পাসের সক্রিয় সকল ছাত্রসংগঠন) কে 'দুর্দিনের সঙ্গী' অভিহিত করে তাদের এই আয়োজনে যোগ দেওয়ার আহবান জানান আব্দুল কাদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী সংগ্রামের সঙ্গীদের সঙ্গে মিলিত হবেন।
তিনি বলেন, “বাজেট সংকটের কারণে ফান্ডে কিছু ঘাটতি রয়েছে এবং সহায়তা করতে ইচ্ছুকদের ডোনেশনের আহ্বান জানিয়েছি।”
তার পোস্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় যেমন আমরা একসঙ্গে স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছি, ঠিক সেভাবেই এবারও সবাই মিলিত হয়ে এই আনন্দ উদ্যাপন করব। গরু-খাসি ভোজে সহযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে।