শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া

শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল-২৫/৩’ শীর্ষক যৌথ অনুশীলন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে সমাপ্ত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায়।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি সমাপনী বক্তব্য রাখেন এবং দুই দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশ নেওয়া বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই মহড়া গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে শুরু হয়েছিল।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স। বিভিন্ন প্রতিকূল অবস্থা ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমান নিয়মিত ব্যবহৃত হয়। ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল-২৫/৩’-এ মূলত আপদকালীন এবং প্রতিকূল পরিস্থিতিতে বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ধরণের অনুশীলন পরিচালিত হয়েছে।

এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও মহড়ায় যোগ দেন।

যৌথ এই অনুশীলনের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনী শুধু পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ই করবে না, বরং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা জোরদার এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বিমান বাহিনীর চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদান দুই দেশের সম্পর্ককে আরও মানবিক ও স্থিতিশীল ভিত্তি প্রদান করবে।

এজেডএস/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin