প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক স্ট্যাটাসে ভারতীয় সাংবাদিকদের নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করায় প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া। একইসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রেস সচিব তার মন্তব্যের জন্য যেন ক্ষমা চান।
মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেস ক্লাব অব ইন্ডিয়ার ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে সই করেছেন ভারতের প্রেস ক্লাবের সেক্রেটারি জেনারেল নীরজ ঠাকুর।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল মুখপাত্র শফিকুল আলম গত ১১ নভেম্বর এক ফেসবুক পোস্টে ভারত এবং বিদেশের বেশ কয়েকটি আউটলেটের সাংবাদিকদের কথা উল্লেখ করেছেন, যারা সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন। তাদেরকে তিনি ‘পশ্চিমা সাংবাদিক এবং তাদের ভারতীয় বুটলিকিং সহযোগী’ হিসেবে উপস্থাপন করেন। এ ধরনের মন্তব্য বিশেষ করে নিন্দনীয়, কারণ শফিকুল আলম নিজেও একজন সাবেক সাংবাদিক।
এতে বলা হয়, দায়িত্বশীল মিডিয়া আউটলেটগুলোর পেশাদাররা একটি সত্যিকারের সংবাদ প্রতিবেদন অনুসরণ করে, সাংবাদিকদের ‘বুটলিকিং’ সাংবাদিক হিসেবে বর্ণনা করা অবশ্যই দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়। প্রেসক্লাব অব ইন্ডিয়া এই ধরনের মন্তব্যের নিন্দা জানায় এবং শফিকুল আলমের কাছে ক্ষমা আশা করছে।
প্রসঙ্গত, প্রেস সচিব শফিকুল আলম ইংরেজিতে সেই ফেসবুক স্ট্যাটাস পোস্ট করার পর অপর একটি পোস্টে বাংলা সংস্করণও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, “পশ্চিমা সাংবাদিকরা এবং তাদের ভারতীয় চাটুকার সহযোগিরাও নিশ্চিত নন যে, সেই উত্তরগুলো সত্যিই হাসিনার কাছ থেকে আসছে, নাকি তার জনসংযোগ কর্মকর্তাদের লিখে দেওয়া! তবুও তারা এই তথাকথিত “ইমেইল সাক্ষাৎকার” প্রকাশ করে চলেছে, হাসিনার নিজের বর্ণনাকে টিকিয়ে রাখতে ব্যয় করা কোটি টাকার সৌজন্যে।