সহকর্মীদের শেষ শ্রদ্ধায় ফায়ার ফাইটার নূরুল হুদার জানাজা

সহকর্মীদের শেষ শ্রদ্ধায় ফায়ার ফাইটার নূরুল হুদার জানাজা

গাজীপুরের টঙ্গীতে কেমিকেল গুদামে ধরা আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমানো ফায়ার ফাইটার মো.নূরুল হুদার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২৪সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে সহকর্মীদের শেষ শ্রদ্ধার মধ্যে দিয়ে তার জানাজা হয়।

জানাজায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। জানাজার আগে নূরুল হুদার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ার ফাইটারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনানো হয়। শহীদ নূরুল হুদার বাবা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

এরপর জানাজায় অংশগ্রহণকারীরা শেষবারের মতো সারিবদ্ধভাবে নূরুল হুদার মরদেহ দেখেন এবং শ্রদ্ধা জানান। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মো. নূরুল হুদার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইলের উদ্দেশে যাত্রা শুরু করেন। নিজ গ্রামেই দাফন করা হবে প্রয়াত ফায়ার ফাইটার মো. নূরুল হুদার মরদেহ।

কেআর/এসএমকে/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin