জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ রহমানের হত্যার প্রতিবাদে বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৯ অক্টোবর) সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে তাঁতিবাজার মোড় অবরোধ করেন। সেখানে প্রায় ৪০ মিনিটে অবস্থান শেষে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
এসময় ‘বিচার বিচার চাই, জোবায়ের হত্যার বিচার চাই’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট একশান’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই মর্গে কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই মর্গে, খুনি কেন বাহিরে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাইয়ের রক্ত ঝড়ে, প্রশাসন কী করে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালে’ ও ‘প্রশাসনের তালবাহানা, মানি না মানবো না’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম জোনায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জোবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সভাপতি ছিলেন।