শিগগিরই আসন চূড়ান্ত করছে বিএনপি, দলকে পাশেই পাচ্ছেন মির্জা ফখরুল

শিগগিরই আসন চূড়ান্ত করছে বিএনপি, দলকে পাশেই পাচ্ছেন মির্জা ফখরুল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণে জোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন, প্রার্থী মনোনয়নসহ প্রাসঙ্গিক রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন দলটির নীতিনির্ধারকরা।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের একটি পত্রিকায় প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার প্রসঙ্গ উত্থাপন করেছেন বৈঠকে। এই প্রসঙ্গে তিনি গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন। তবে স্থায়ী কমিটির সদস্যরা বলছেন, তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রকাশিত বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। বিশেষ করে জামায়াতপন্থি কোনও কোনও নেতা এ বিষয়ে নীরবে উষ্মা প্রকাশ করলেও দলের মূলধারার নেতারা মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে খুব একটা দ্বিমত করছেন না।

আগামী মাসের মধ্যে আসন চূড়ান্ত করবে বিএনপি, দুশ্চিন্তা যুগপৎসঙ্গীদের বাস্তবতা নিয়ে

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে জানা গেছে, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বৈঠকে আগামী নির্বাচন নিয়েই বেশি আলোচনা হয়েছে। একাধিক সদস্য জানান, তারা আশা করছেন আগামী অক্টোবরের মধ্যেই ৩০০ আসনে প্রার্থী নির্ধারণে তারা উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করতে পারবেন।

একজন সদস্য বলেন, ‘আমরা দলের নেতা তারেক রহমানকে দায়িত্ব দিয়েছি। তিনি তার সকল পন্থা অবলম্বন করে প্রার্থীদের যাচাই শুরু করেছেন আরও আগে। আগামী কয়েকদিনে এই তালিকা তিনি আমাদের সামনে তুলে ধরবেন, আলোচনা করবেন।’

স্থায়ী কমিটির সূত্রগুলো বলছে, ইতোমধ্যে তারেক রহমান তার নিজস্ব সোর্স ও টিমের মাধ্যমে প্রার্থীদের সরেজমিন খবরাখবর সংগ্রহ করেছেন। সেই তথ্যের ভিত্তিতে তালিকা প্রণয়ন করছেন। বেশ কয়েকটি টিমের মাধ্যমে সারা দেশের আসনের চিত্র তুলে আনার চেষ্টা করছেন বিএনপির নেতা তারেক রহমান। এক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিগত কয়েক বছরে আওয়ামী লীগ-বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎভাবে যারা সক্রিয় ছিলেন, তাদের আসনভিত্তিক বাস্তবতা খানিকটা দুশ্চিন্তা এনে দিচ্ছে।

একজন সদস্যের মন্তব্য, ‘ধরা যাক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বগুড়ার আসন, সেখান থেকে তিনি নির্বাচন করতে আগ্রহী। কিন্তু বাস্তবতা হচ্ছে মান্না প্রার্থী হলে সেখানে জামায়াত বেরিয়ে আসতে পারে। এরকম করে অনেক নেতার আঞ্চলিক অবস্থা সুবিধার নয়। এক্ষেত্রে বিএনপির দুশ্চিন্তা, কীভাবে, কোন প্রক্রিয়ায় নেতাদের বিজয়ী করা সম্ভব হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দিবাগত রাত ১টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘না, আমরা আলোচনার মধ্যে আছি। আমাদের মূল কনসার্ন রাজনীতি। সংস্কার ব্যাপারটি নিয়ে আমরা বেশি ইনভলভ। একইসঙ্গে যেসব দলের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কথা বলছি। সব মিলিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ইলেকশন তো জোটে ওইভাবে হয় না, যুগপৎভাবে করার চিন্তা করা হচ্ছে। যারা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছে, সবার সঙ্গে এই নিয়েই কথা বলা হচ্ছে। এককভাবে আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না।’

আসন চূড়ান্ত করার বিষয়ে তিনি বলেন, ‘সারা দুনিয়াতেই মিডিয়ায় এখন সেম থিংক, যার যে এজেন্ডা সেভাবে লিখছে, এগুলো (আসনবণ্টন) নিয়ে বলার সময় আসেনি।’

প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। উপযুক্ত সময়েই দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যাচাই-বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থীকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘কোনও নির্বাচনি এলাকায় কোনও প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে। কোনও সবুজ সংকেতের মাধ্যমে নয়।’

দলকে পাশেই পাচ্ছেন মির্জা ফখরুল

ভারতের একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার প্রকাশ নিয়ে মঙ্গলবার রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন দলের নেতারা বক্তব্য দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ, জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ, জামায়াত ও এনসিপির আসন প্রত্যাশাসহ নানা বিষয়ে তার নামে বক্তব্য প্রকাশ করে ভারতের দৈনিক ‘এই সময়’। সাক্ষাৎকারের কিছু বিষয় দেশের গণমাধ্যমগুলোও প্রকাশ করেছে। যদিও এই সাক্ষাৎকার নিয়ে মঙ্গলবার বিকালে বিএনপির পক্ষ থেকে অফিসিয়াল ফেসবুকে জানানো হয়, ভারতের দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নেতাকর্মী ও দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাতের বৈঠকে তারেক রহমান নিজেই মির্জা ফখরুলের সাক্ষাৎকার প্রসঙ্গ উত্থাপন করেন। বৈঠকে মির্জা ফখরুলও নিজের অবস্থান ব্যক্ত করেন। তবে বক্তব্যে ‘টুইস্ট’ এবং সংশ্লিষ্ট পত্রিকায় ভিন্নভাবে বক্তব্য প্রচারের বিষয়ে নিজের বক্তব্য বলেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। বিশেষ করে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার গুরুত্ব তার বক্তব্যে উঠে আসে।

স্থায়ী কমিটির প্রভাবশালী একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াতের আসন চাওয়া নিয়ে তো মিথ্যা বলেননি মির্জা ফখরুল। ২০১৮ সালেও ধানের শীষে নির্বাচন করেছে দলটির নেতারা। পাশাপাশি জামায়াতকে নিয়ে জোট না করার বিষয়ে বিএনপির অবস্থান বহু আগেই স্পষ্ট। তাদের সঙ্গে বিএনপির প্রাপ্তি কি, সেটা দেশবাসী অবগত।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া তো আওয়ামী লীগের, শেখ হাসিনার। সেদিক থেকে মির্জা ফখরুল তো অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন, এতে বিএনপি, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কৌশলই ফুটে উঠেছে। আওয়ামী লীগের বিচার চলবে আদালতে। নির্বাচনে নিষেধাজ্ঞার বিষয় তো কোনও দলের সিদ্ধান্ত হতে পারে না।’

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও উল্লেখ করেন, ‘বিএনপির জামায়াতঘেঁষা বা দলের প্রতি আস্থা কম, এমন নেতারা হয়তো রুষ্ট হতে পারেন মির্জা ফখরুলের বক্তব্যে। মোটাদাগে মির্জা ফখরুলের ব্যাখ্যা থাকলেও যা প্রকাশিত হয়েছে, তা সর্বৈব সত্য। দলের নেতাদের এ বিষয়ে কোনও ”রা” নেই। এটাতে বিগ ইস্যু করার কিছু নেই। জামায়াত সারা দিন বিএনপিকে নানাভাবে হেনস্তা করছে, সেখানে মহাসচিব হিসেবে যা বলেছেন, তাতে কাদের রাগ হয়, এটা তো বোঝা যায়।’

এ বিষয়ে বিএনপির মহাসচিবের কাছে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এটা নিয়ে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছি। আমার কথা তো খুব স্পষ্ট।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে গুলশান চেয়ারপারসন অফিসে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে রাত ১১টা ১০ মিনিটে বৈঠক শেষ হয়েছে। সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin