‘সিক্স-সেভেন’ ট্রেন্ডে মেতেছে জেন-আলফা

‘সিক্স-সেভেন’ ট্রেন্ডে মেতেছে জেন-আলফা

শ্রেণিকক্ষ থেকে খেলার মাঠ, বিভিন্ন জায়গাতেই এখন প্রতিধ্বনিত হচ্ছে এক অদ্ভুত শব্দ: ‘৬-৭!’ (সিক্স-সেভেন!)। শিক্ষক যদি বইয়ের ‘৬৭’ (সিক্সটি সেভেন) নম্বর পৃষ্ঠা খুলতে বলেন সঙ্গে সঙ্গে ক্লাসে ছড়িয়ে পড়ে গর্জন, 'সিক্স-সেভেন!’। যুক্তরাষ্ট্রজুড়ে এই সংখ্যাটিই এখন জেন-আলফা প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় অর্থহীন বাক্য।

দক্ষিণ ডাকোটার সপ্তম শ্রেণির শিক্ষক গ্যাব ড্যানেনব্রিং বললেন, এটা যেন ভাইরাস। যে ক্লাসে বলবেন সিক্স বা সেভেন, অন্তত ১৫ জন চিৎকার করে উঠবে, ‘সিক্স-সেভেন!’

আসলে ‘সিক্স-সেভেন’ অর্থগতভাবে কিছুই না। তবু এটি বললে মনে হয়, যেন কেউ এক মজার গোপন দলে যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনসিনাটির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গেল ফেয়ারহার্স্ট বলেন, এটা এক ধরনের ভাষার খেলা, যা কেবল ওই বয়সের ছেলেমেয়েরাই বোঝে।

‘সিক্স-সেভেন’-এর উৎসও বেশ ঘোলাটে। ফিলাডেলফিয়ার র‍্যাপার স্ক্রিলার একটি ভাইরাল গান ‘ডুট ডুট সিক্স-সেভেন’-এ এই সংখ্যা প্রথম আলোচনায় আসে। পরের বছর কিশোর বাস্কেটবল খেলোয়াড় টেইলেন কিনি ভিডিওতে এক বিশেষ ভঙ্গিতে ‘সিক্স-সেভেন’ বলেন, যা দ্রুত টিকটকে ছড়িয়ে পড়ে। এরপর লামেলো বলের হাইলাইট ভিডিওতে ব্যবহার হয়, আর তাতে জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়।

এক পর্যায়ে এক কিশোরের ‘সিক্স-সেভেন!’ চিৎকার করা ভিডিও ভাইরাল হয়, যাকে অনেকে ‘মেসন সিক্স সেভেন’ নামে ডাকতে শুরু করে। তখনই শব্দটি অর্থহীনতা ছাপিয়ে হয়ে ওঠে এক প্রজন্মের হাসির প্রতীক।

তবে কেউ কেউ বলছেন, এই শব্দের জনপ্রিয়তা তার অর্থহীনতার মধ্যেই। ভাষাবিদ টেলর জোন্সের ভাষায়, মানুষ এটা পছন্দও করছে, বিরক্তও হচ্ছে। কারণ এর কোনও মানে নেই।

শিক্ষকদের জন্য বিষয়টি অবশ্য কিছুটা মাথাব্যথার। দিনে ৭৫ বার পর্যন্ত ‘সিক্স-সেভেন’ শুনতে হয় বলে অভিযোগ এক শিক্ষকের। অনেকে এখন ক্লাসে নিষেধাজ্ঞা জারি করেছেন। আবার কেউ কেউ বুদ্ধি খাটিয়ে গান বা পাঠের অংশে ‘সিক্স-সেভেন’ ঢুকিয়ে ফেলেছেন, যাতে শিশুরা হাসতে হাসতে শেখে।

কমেডিয়ান জোশ প্রে মজা করে বললেন, আমি আমার সন্তানদের বলে দিচ্ছি যে, ৬৭ (সিক্সটি সেভেন) বছর বয়স হওয়ার আগে এই শব্দটা যেন আমার কানেই না আসে!

তবে ভাষাবিদেরা এটিকে ভয়ানক কিছু ভাবছেন না। জোন্সের মতে, প্রতি প্রজন্মই নিজস্ব স্ল্যাং তৈরি করে। আগেও ‘কুল’ বা ‘র‍্যাড’ ছিল। এখন ‘সিক্স-সেভেন’। এটা সময়ের ব্যাপার।

‘সিক্স-সেভেন’-এর জনপ্রিয়তা হয়তো এখন শেষের পথে। কিছু শিক্ষক জানাচ্ছেন, নতুন প্রতিদ্বন্দ্বী শব্দ ‘ফোরটি ওয়ান’ ইতোমধ্যে ছড়াতে শুরু করেছে। তবে গ্যাব ড্যানেনব্রিং বললেন, আগে ‘স্কিবিডি টয়লেট’ জনপ্রিয়তা পেয়েছিল। যতক্ষণ না এটা ক্ষতি করছে, ততক্ষণ ‘সিক্স সেভেন’ আগের অনেক ট্রেন্ডের চেয়ে কম বিরক্তিকর।

সূত্র: সিএনএন

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin