রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (১৯ অক্টোবর) সকালে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের পর বেলা ১টার দিকে সিটি করপোরেশন ও পুলিশের যৌথ অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে সকাল ১১টা থেকে কলেজের শতাধিক শিক্ষার্থী সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। তারা “ফুটপাত দখল মুক্ত করো”, “শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
jwARI.fetch( $( "#ari-image-jw68f4ad1b8b7f5" ) );
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের সামনের সড়ক ও ফুটপাত দখল করে স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় গড়ে ওঠেছে দোকানপাট ও অস্থায়ী বাজার। এতে পথচারী চলাচল ও কলেজের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী তামিম ইকবাল বলেন, “আমাদের কলেজের সামনের জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে। সকাল-বিকাল যানজট লেগে থাকে, শিক্ষার্থীদের চলাচলেও অসুবিধা হয়। আমরা প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করেছি, কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি। তাই আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”
jwARI.fetch( $( "#ari-image-jw68f4ad1b8b82f" ) ); অন্য শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “কলেজের সামনের ফুটপাত আর রাস্তা মিলিয়ে একটা বাজার বানিয়ে ফেলেছিল স্থানীয় কিছু নেতা। এমনকি পুলিশেরও সহযোগিতা ছিল বলে শুনেছি। এই অবস্থায় পড়াশোনার পরিবেশ বজায় রাখা সম্ভব না।”
প্রায় দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযানে নামে ডিএনসিসি। অভিযান চলাকালে পুলিশের কয়েকটি টিম নিরাপত্তায় দায়িত্ব পালন করে।
ডিএনসিসির ওয়ার্ড সুপারভাইজার জহিরুল ইসলাম বলেন, “বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা অভিযান চালাই। ফুটপাত ও সড়ক দখল করে থাকা সব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।”
jwARI.fetch( $( "#ari-image-jw68f4ad1b8b862" ) ); ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) আসিফ মাহমুদ গালিব বাংলা ট্রিবিউনকে বলেন, “এটা মূলত সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান ছিল। আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছি, যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা না ঘটে।”