স্কুল–কলেজের শিক্ষার্থীরা আগে নানান সময় বিনা টিকিটে খেলা দেখার সুযোগ পেয়েছেন। তবে এবার শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও খেলা দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বুধবার থেকে শুরু হবে বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট। সেটি বিনা মূল্যে দেখতে পারবেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টটি বিশেষ কারণে স্মরণীয় হয়ে উঠেছে মুশফিকুর রহিমের শততম টেস্ট হওয়ায়। বাংলাদেশের প্রথম কোনও ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। সেদিক দিয়ে এই টেস্টে মিরপুরের গ্যালারিতে থাকা মানে ইতিহাসের সাক্ষী হওয়া।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা টিকিট ছাড়াই গ্যালারিতে বসে মিরপুর টেস্ট দেখতে পারবেন। এ জন্য তাদের পরিচয়পত্র দেখালেই হবে।
খেলা দেখতে আগ্রহী শিক্ষক–শিক্ষার্থীদের ৫ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করতে হবে। তবে মাঠে ঢোকার সময় তারা নিয়ম অনুযায়ী বাইরে থেকে কোনও খাবার, পানির বোতল বা নিষিদ্ধ কোনও কিছু নিয়ে মাঠে ঢুকতে পারবেন না।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। কাল থেকে শুরু হতে যাওয়া ম্যাচের খেলা প্রতিদিন সকাল সাড়ে নয়টায় শুরু হবে।