শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

সোমবার (১৩ অক্টোবর) প্রশিক্ষণ সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও যুগোপযোগী শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই প্রথমবার চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে সোমবার (১৩ অক্টোবর) এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে ৪০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক ও ৩০ জন সহকারী অধ্যাপক অংশ নিচ্ছেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

ইউজিসি সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ সম্পর্ক উন্নয়নে শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পরামর্শ দেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা অনুধাবন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও বেশি করে শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই শিক্ষকদের প্রধান কাজ হওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে বলেই আমরা শিক্ষক।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজন এবং তাদের জন্য একটি আদর্শ ট্রেনিং সেন্টার গড়ে তোলার কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, ‘ছাত্র-শিক্ষক সম্পর্কোন্নয়ন, আত্ম-উন্নয়ন এবং আত্ম-বিশ্লেষণের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ খুবই প্রয়োজন।’ খোলা মনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ এবং প্রশিক্ষণের দুর্বল দিক চিহ্নিত করতে অংশগ্রহণকারীদের আহ্বান তিনি।

অধ্যাপক আনোয়ার হোসেন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কর্মপোযোগী মানবসম্পদ হিসেবে তৈরি করার ক্ষেত্রে প্রশিক্ষণ কতটুকু কার্যকর তবে তা খতিয়ে দেখার সুপারিশ করেন। তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের চাহিদা নিরূপণ এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হওয়া উচিত।’

অধ্যাপক মাছুমা হাবিব জানান, হিট প্রকল্পের আওতায় কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, ‘বিশেষায়িত দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কেউ আসেন না। প্রশিক্ষণের মাধ্যমে এটি অর্জন করতে হয়।’

বাউবি উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি কোনও প্রশিক্ষণ কর্মসূচি দেশে নেই। ইউজিসি’র তত্ত্বাবধানে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

উদ্বোধন অনুষ্ঠানে বাউবি উপ-উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউজিসি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, স্ট্র্যাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারসহ ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিট প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু তালেব মু. মুনীর।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin