সিলেটে প্রথমবারের মতো হবে কুমারী পূজা

সিলেটে প্রথমবারের মতো হবে কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবে সিলেটে প্রথমবারের মতো হবে কাঙ্ক্ষিত কুমারী পূজা। আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রিবা মহাপীঠে।

শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রিবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠী, আমন্ত্রণ ও অধিবাস।   পরদিন সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী।  

এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীতে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৯টায় শুরু হবে।  

পরিবেশন করবে সনাতনী সাংস্কৃতিক সংগঠন ঐতরেয়।  বুধবার (১ অক্টোবর) মহানবমীতে সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘দশভূজা’পরিবেশিত হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া শুভ দশমী। এবার দেবীর আগমন ঘটবে গজে ও গমন হবে দোলায়।  এ ছাড়া আগামী সোমবার (৬ অক্টোবর) শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও সোমবার (২০ অক্টোবর) শ্রী শ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।   পূজানুষ্ঠান সুন্দর ও সার্থক করে তোলার জন্য সর্বস্তরের ভক্তরা ও জনগণের সর্বাত্মক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রিবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।

এদিকে কুমারী পূজা উপলক্ষে দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রিবা মহাপীঠে নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়ার জন্য পুলিশ সুপারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। কুমারী পূজাকে কেন্দ্র করে ওই এলাকায় প্রচুর ভিড় হবে। যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।

এনইউ/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin