সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় নোটিশ টানালো দুদক

সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় নোটিশ টানালো দুদক

সিলেট: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা বৈধ আয়ের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অবস্থায় তাদের সম্পদের পূর্ণ বিবরণ আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল সিলেট নগরের পাঠানটুলায় আনোয়ারুজ্জামানের বাসার দরজায় এ নোটিশ টানায়।

দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশটি টাঙানো হয়।

দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে, আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হলো।

২১ কার্যদিবসের মধ্যে বিস্তারিত বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দুদক।

এনইউ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin