সকাল থেকে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

সকাল থেকে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। সেই সঙ্গে ছিল বজ্রপাত। সকাল পৌনে ছয়টার দিকে বৃষ্টি নামে। সাতটা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেছে। পথচারীরা পড়েছে ভোগান্তিতে।

সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, ঝিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ উত্তর বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা। আবহাওয়া অধিদপ্তর এটি এখনো ঘোষণা না করলেও এর প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে মনে করছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

শাহীনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যেই লঘুচাপ সংঘটিত হয়ে যেতে পারে। আর সম্ভবত এর প্রভাবেই আজকে বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয় উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টি হচ্ছে। তবে উপকূলে বেশি বৃষ্টি হচ্ছে ।

আজ উত্তরবঙ্গ উপসাগরে এবং আগামী পরশু বুধবার পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা। তিন দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি খুব অস্বাভাবিক না হলেও এর প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো বাতাস এবং বৃষ্টি বেড়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখন আপাতত কমে গেলেও রাজধানীতে আজকের দিনেও মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন শাহীনুল ইসলাম।

গত কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ছিল প্রচণ্ড ভ্যাপসা গরম। গতকাল রোববার ও তার আগেরদিন শনিবার ঢাকার আকাশ ছিল ঘোলাটে।আজ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

Comments

0 total

Be the first to comment.

রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে কয় দিন জানাল আবহাওয়া অফিস Prothomalo | পরিবেশ

রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে কয় দিন জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি...

Sep 14, 2025

More from this User

View all posts by admin