সকালে কলেজ, বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস

সকালে কলেজ, বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলবে বিকালে। আর সকালে বরাদ্দ থাকবে রাজধানীর সরকারি সাত কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশে প্রকাশিত খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা কার্যক্রম বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালনার কথা বলা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫ এর খসড়া মতামতের জন্য প্রকাশ করে। প্রকাশিত খসড়াটিতে মতামত দেওয়ার জন্য পরবর্তী সাত দিন সময় দেওয়া হয়েছে।  

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাতটি কলেজের ক্যম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বেলা ১২টার মধ্যেই শেষ হয়ে যাবে। তাদের জন্য সময় রেখে বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।’

অধ্যাদেশের খসড়ার বিশ্ববিদ্যালয় স্থাপন অনুচ্ছেদে বলা হয়, ঢাকা মহানগরের ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ- এই সাতটি কলেজের অবকাঠামো ও ক্যাম্পাস স্থায়ীভাবে দিনের নির্দিষ্ট সময়ের জন্য দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

অধ্যাদেশের শুরুতে বলা হয়, যেহেতু উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা, পঠন-পাঠনের সুযোগ সম্প্রসারণ ও ঢাকা মহানগরের সরকারি সাতটি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নতিকরণ প্রয়োজন। সাতটি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পৃথকীকরণ করে ঢাকা জেলায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়।

অধ্যাদেশে আরও জানানো হয়, যেহেতু সংসদ অধিবেশনে নেই এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩(১) এ প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি এতদ্বারা অধ্যাদেশ জারি করলেন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেক্ষাপট

ঢাকার সরকারি সাত কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর আগেও একবার কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

দ্বিতীয় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিভুক্ত করার পর শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা অসেন্তাষ তৈরি হয়। ক্লাস নেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। অথচ পরীক্ষার ব্যবস্থা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষা কার্যক্রমসহ নানা বৈষম্যের কারণে শিক্ষার্থীরা কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে বাদ দেয়। এরপর নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin