রাজনৈতিক নেতারা জুলাইয়ের বিপ্লবী জনতাকে ব্যর্থ করেছেন কি-না, সে বিষয়েও আত্মসমালোচনা করা দরকার বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘সংকট আছে, সামনে আরও সংকট আসছে।’
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রেস ইনস্টিটিউটে প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে সহিংসতা কম হয়েছে। ততোটা ভায়োলেন্স হয়নি যতটা হবার কথা। তবে রাজনৈতিক অসাবধানতার কারণে মব ভায়োলেন্স আর জুলাই গণঅভ্যুত্থান মানুষের কাছে সমান হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নতুন মিডিয়া দেওয়া নিয়ে চরম হাহাকার দেখা যাচ্ছে। আমি যতদিন আছি, নতুন মিডিয়া দিয়ে যাব। পুরনো সেই আগের সেট অব ন্যারেটিভ ফিরিয়ে আনা হচ্ছে। সেই চেনা মুখগুলো আবার দেখছি। সবই আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের সহযোদ্ধা ছাত্র ভাইয়েরা বলেন, মন্ত্রী হয়ে কেন অসহায়ত্ব প্রকাশ করি। আমরা যেটা করব, কোনোটা বন্ধ করিনি, করবও না। কিন্তু নতুন মিডিয়া থাকবে, পুরনোও থাকবে। কথার বিপরীতে কথা হবে, সমালোচনার বিপরীতে সমালোচনা হবে। আর যারা লড়াকু সাংবাদিকতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’