ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল পুলিশ বলছে আহতদের সংখ্যা ধাপে ধাপে বাড়তে পারে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালটিতে নিয়ে আসা হয়। আহতরা হলেন, সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ,হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।
আহত আতিকুল গাজী জানান, তার বাসা উত্তরা এলাকায়। আজ স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের অনুষ্ঠানে তারা মানিক মিয়া এভিনিউতে এসেছিলেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আহত হন তারা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। তবে আহতদের সংখ্যা ধাপে ধাপে বাড়তে পারে।
এজেডএস/জেএইচ