ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে, সকাল সাড়ে ১০টায় নাগাদ অপরাজেয় বাংলার সামনে মনজুরুল ইসলামের মরদেহ নেয়া হয়। সে সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মনজুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলা সাহিত্য ও মুক্ত চিন্তার জগতে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের বিচরণ ছিল। লেখক, গল্পকার, প্রাবন্ধিক হিসেবেও ব্যাপক পরিচিতি পান তিনি।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর হার্ট অ্যাটাকের পর মনজুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে দুইটি রিং পরানো হয়। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।
/আরএইচ