সৈয়দপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৬

সৈয়দপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৬

নীলফামারীর সৈয়দপুরে মহিলা দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে শহরের থানার পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অবস্থায় জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, তার বোন নিলুফা ইয়াসমীনসহ ছয়জনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সভাপতি রিনু ও সাধারণ সম্পাদক রুপার মধ্যে সাংগঠনিক কার্যক্রম নিয়ে দ্বন্দ্ব ছিল। শনিবার রাতে রিনু এক নেত্রীকে নিয়ে দলীয় অফিসে আসেন। এ সময় সাধারণ সম্পাদক রুপা আপত্তি তুললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রিনু বাসায় ফেরার পথে থানার কাছাকাছি এলাকায় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ ব্যাপারে রিনু বলেন, রুপার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা ছিল না। কিন্তু সে পার্টি অফিসে আমার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে আমি বাসায় ফেরার সময় তার লোকজন আমার ওপর হামলা চালায়।

অন্যদিকে, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বলেন, সভাপতির বোন জাতীয় পার্টির (জাপা) ভোট করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তিনি তাকে নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। আমি বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তর্ক শুরু করেন। পরে থানার পাশে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার বলেন, এটি মহিলা দলের কোনো সাংগঠনিক বিষয় নয়। পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝির জেরে এ ঘটনা ঘটেছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, গতরাতে থানার পাশে মারপিটের ঘটনা ঘটেছে। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin