রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সন্ত্রাসী হিসেবে দাবি করে উসকানিমূলক ভিডিও দিয়ে ভাইরাল হওয়া মো. মিলনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
সেনা সূত্র জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় মিলনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে সে বলেছে, তার কাছে পিস্তল রয়েছে এবং তিনি সেনাবাহিনী, র্যাব ও পুলিশকে ভয় পান না— এ ধরনের হুমকিসূচক বিবৃতি দিতে দেখা যায় তাকে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বসিলা আর্মি ক্যাম্পের দুটি দল শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “মিলনের কাছে কোনও অস্ত্র নেই। তবে সত্যতা নিরূপণের জন্য ও তার সঙ্গে অন্য কোনও গোষ্ঠী বা ব্যক্তির যোগ আছে কিনা, তা তদন্ত করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।”
তিনি আরও বলেন, “প্রাথমিক ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াই মূল কারণ হয়ে থাকতে পারে। উসকানিমূলক ভিডিও’র প্রেক্ষিতে তিনি এমন ভিডিও প্রকাশ করেছেন।”
এ বিষয়ে মোহাম্মদপুর থানায়ও মামলার প্রক্রিয়া ও তদন্ত চলছে। পুলিশ ও সেনা কর্মকর্তা জানান, গ্রেফতারের পর সরাসরি তদন্ত শুরু হয়েছে— ভিডিওর সূত্র, মিলনের কোনও সহায়তাকারী আছে কিনা বা অস্ত্র-সংক্রান্ত তথ্য যাচাই করা হবে।