শোয়েব বললেন, অভিষেক বচ্চনকে দ্রুত আউট করতে হবে; অভিষেক বললেন, সেটাও পারবে না

শোয়েব বললেন, অভিষেক বচ্চনকে দ্রুত আউট করতে হবে; অভিষেক বললেন, সেটাও পারবে না

এশিয়া কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে দুই প্রতিবেশীর ফাইনাল এবারই প্রথম। এই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার সালমান আগার দলকে পরামর্শ দিয়েছেন। তবে পরামর্শ দিতে গিয়েই ঘটেছে মজার এক ঘটনা, যা নিয়ে মাতামাতি চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

অভিষেকের অবশ্য যুক্ত না হয়ে উপায় ছিল না। শোয়েবই তাঁকে ভারত–পাকিস্তান ম্যাচে টেনে এনেছেন। পাকিস্তানের লাইভ স্ট্রিমিং শো ‘ট্যাডম্যাড’–এর ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মজার এক কাণ্ড ঘটান শোয়েব।

বিশ্লেষণের সময় ভারতের ওপেনার অভিষেক শর্মার নাম বলতে গিয়ে অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন শোয়েব, ‘যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করে দিতে পারে, ধরুন! তাহলে মিডল অর্ডারে কী হবে? ওদের মিডল অর্ডার তো একেবারেই রান করতে পারেনি।’

মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে অভিষেক বচ্চন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া জানান, ‘স্যার, সম্মান রেখেই বলছি…তারা সেটাও পারবে না! যদিও আমি ক্রিকেট খেলতেই পারি না।’

অভিষেককে নিয়ে শোয়েবের বাড়তি টেনশনের কারণ আছে। অবশ্য শুধু শোয়েব নয়, এবারের এশিয়া কাপে অভিষেককে নিয়ে ভাবতে হয়েছে সব প্রতিপক্ষের। এবারের এশিয়া কাপে ছয় ম্যাচে ৩০৯ রান করেছেন অভিষেক। স্ট্রাইক রেট ২০৪.৬৩, আছে তিনটি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৭৫ রানের, যা খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে।সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এশিয়া কাপে এখনো অপরাজিত। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে, এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে দুবার জিতেছে তারা। পাকিস্তান ফাইনালে উঠেছে সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে।

ভারতের বিপক্ষে শেষ ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে পাকিস্তান। তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়েই শেষবারের মতো ম্যাচ জিতেছিল তারা। ২০২৩ সালে বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে যায়। ফল হয়েছে—এমন টানা ৬ ম্যাচে হেরেছে পাকিস্তান। দুই দলের ৭৪ বছরের দ্বৈরথের ইতিহাসে টানা এত ম্যাচ হারেনি কোনো দল।এখন দেখা যাক ফাইনালে কী হয়!

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin