সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ হয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জয়লাভ করে ২-০ সেটে এগিয়ে যায়। এরপর শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে তৃতীয় সেট জিতে নেয়। এতেই বাংলাদেশের তৃতীয় হওয়ার আশা ভঙ্গ হয়।
এর আগে ২৪ অক্টোবর রাউন্ড রবিন লীগের খেলায় দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।
এদিকে আজ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।