শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়ক অবরোধ

শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়ক অবরোধ

শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠনের সদস্যরা। এসময় প্রায় আধা ঘণ্টা পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন তারা। এর আগে সকালে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব করা হয়েছে। যেখানে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত করা হবে। তবে ভৌগোলিক দিক থেকে শরীয়তপুর থেকে ফরিদপুরের তুলনায় ঢাকার দূরত্ব কম। এছাড়া শরীয়তপুরের সঙ্গে ঢাকার শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যের নিবিড় যোগসূত্র রয়েছে। পদ্মা সেতু চালুর পর থেকে সেগুলো আরও সহজতর হয়েছে। তাই শরীয়তপুরবাসী কোনোভাবেই ফরিদপুর বিভাগে যেতে চাচ্ছে না।

আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আল-আমিন নামের একজন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঢাকার সঙ্গে রয়েছি। এছাড়া ফরিদপুর থেকে ঢাকায় সহজে যাতায়াত করতে পারি। কোনোভাবেই ফরিদপুর বিভাগে যাবো না। যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, আমরা আজ ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেছি। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম বাদ দেওয়া নাহলে লাখ লাখ মানুষ মিলে পদ্মা সেতু ব্লকেড করে দক্ষিণ বঙ্গ অচল করে দেওয়া হবে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। প্রায় ২৫ মিনিট যানচলাচল বন্ধ ছিল। আমাদের অনুরোধে আন্দোলনকারীরা পরবর্তীতে সরে যান।

বিধান মজুমদার অনি/এমএন/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin