সড়কে প্রাণ গেলো স্কুটি আরোহী মা-মেয়ের

সড়কে প্রাণ গেলো স্কুটি আরোহী মা-মেয়ের

বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় স্কুটি আরোহী মা ও শিশুসন্তান নিহত হয়েছেন। এ সময় শিশুটির বাবা স্কুটিচালক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন– বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের মণ্ডলপাড়ার ইসলামি ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আকতার মিম (২৭) এবং তার দুই বছর বয়সী শিশু নাফিজা আকতার।

আহত হয়েছেন মিমের স্বামী একই এলাকার একটি মসজিদের ইমাম রমজান আলী তোতা। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আজমেরী ফ্লাওয়ার অ্যান্ড ওয়েল মিল থেকে পশুখাদ্য বোঝাই একটি পিকআপ মঙ্গলবার দুপুরে বগুড়ার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে পিআপটি উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের পাইকপাড়া মোড়ে পৌঁছে। এ সময় একটি স্কুটিতে রমজান আলী তোতা তার স্ত্রী নাজিরা আকতার মিম ও শিশুসন্তান নাজিফাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পিকআপটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিকে চাপা দেয়। এ সময় তোতার সামনে তার স্ত্রী মিম ও মেয়ে নাজিফার মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মিম ও নাজিফাকে মৃত ঘোষণা করেন। পরে আহত তোতাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদীঘি থানার ওসি জানান, নিহত মা ও মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপ, একটি চার্জারচালিত অটোরিকশা ও স্কুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin