শরতেও ফুটেছে বাসন্তীলতার ফুল

শরতেও ফুটেছে বাসন্তীলতার ফুল

শারদ সকালের কোমল রোদটা পড়েছে এক ঝোপ লতানো গাছের সবুজ পাতার ওপরে। পাতাগুলোর গাঢ় সবুজ রং তাতে চিকচিক করছে। সেসব পাতার ঝোপের মাঝে মাঝে ফুটে রয়েছে ফানেল আকৃতির কয়েকটা উজ্জ্বল হলুদ ফুল। রমনা উদ্যানের এই একটিমাত্র স্থানেই এ গাছের দেখা পেলাম। লতানো সে গাছ একটা লোহার খিলানের ওপর জেঁকে বসেছে, উদ্‌ভ্রান্ত ডালপালাগুলোকে সেই খিলানটা শাসন করে ধরে রেখেছে। গাছটার ইংরেজি নাম ক্যাট’স ক্ল ভাইন, বাংলা নাম বাসন্তীলতা।

রমনায় যে গাছটি আছে, তা জানতে পেরেছিলাম সৌরভ মাহমুদের শ্যামলী রমনা বইটি থেকে। সে বইটিতে রমনা উদ্যানের ২৮টি লতানো গাছের উল্লেখ রয়েছে। সে তালিকায় রয়েছে ক্যাট’স ক্ল ক্রিপার গাছটি। তিনি একে শরতের ফুল হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। রমনায় যে এ গাছ আছে, তা তিনি লিখেছেন, সঙ্গে ছবিও দিয়েছেন। কিন্তু গাছটি ঠিক কোথায়, সেটি নিশ্চিত করতে অনেক দিন কেটে গেছে। ফুল-ফলবিহীন শুধু গাছ বা পাতা দেখে কেবল অভিজ্ঞজনেরাই বুঝতে পারেন। যে গাছ কখনো চোখে দেখা হয়নি, তাকে শুধু ছাপানো ছবির ওপর নির্ভর করে সঠিকভাবে শনাক্ত করা অত্যন্ত মুশকিল।

অবশেষে সে গাছে প্রথম ফুলের দেখা পেলাম এ বছরের ১২ ফেব্রুয়ারি—বসন্তকালে। সে সময় শীতে কাবু গাছটার পাতাগুলো ছিল ম্লান, হাড়গোড়ের মতো বেরিয়ে পড়েছিল পাতাখসা লতাগুলো। লতায় ঘণ্টার মতো ফুলগুলো ঝুলে ছিল, ফুলের রংও ছিল ফ্যাকাশে ম্লান বা ফিকে হলুদ। সে ফুলগুলোকে ঠিক বসন্তদূত হিসেবে স্বীকার করে নিতে পারছিলাম না। কিছু ছবি তুলে চলে এলাম, তবু মনে একটা আনন্দের সুর ভেসে বেড়াতে লাগল এই ভেবে যে অন্তত গাছটার অবস্থানটা নিশ্চিত করা গেছে।

এ বছর কয়েকবারই গ্রীষ্মের পর সে গাছের কাছে গিয়েছি। ফুল না দেখে হতাশ হয়ে ফিরে এসেছি। অবশেষে ভাদ্রের এক সকালবেলায় সে গাছে ফুলের দেখা পেলাম। তখনকার ফুলগুলোর চেয়ে এ সময়ে ফোটা ফুলগুলোকে মনে হলো বেশি লাবণ্যময়ী, হলদে রংটা আরও উজ্জ্বল। পাতাগুলোও বর্ষার জল খেয়ে বেশ তাগড়া হয়ে উঠেছে।

প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেনের বাংলাদেশের পুষ্প-বৃক্ষ-লতা-গুল্ম বইয়ের ১৭২ পৃষ্ঠায় অবশেষে এর বাংলা নাম পেলাম বাসন্তীলতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ গাছ রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। কিন্তু বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ বইয়ে এ গাছের কোনো নামগন্ধ পেলাম না। অন্য কোনো বইয়েও পেলাম না। সন্দেহ রয়ে গেল মনে, তাহলে কি গাছটি সপুষ্পক উদ্ভিদের তালিকায় নেই? বইটির সপ্তম খণ্ডে বিগ্নোনিয়েসি গোত্রে বাংলাদেশের ১৬টি উদ্ভিদ প্রজাতির নাম থাকলেও এ প্রজাতির নাম নেই। গাছটি দেশের আরও দু-এক জায়গায় থাকতে পারে, তবে তা সুলভ যে নয়, তা বলা যায়।

অবশেষে অন্তর্জালে এর কিছু বিবরণ পেলাম। এর উদ্ভিদতাত্ত্বিক নাম Dolichandra unguis-cati ও গোত্র বিগ্নোনিয়েসি। আরোহী লতা হিসেবে এ গাছ দ্রুত বেড়ে সে জায়গা দখলে নিয়ে নিতে পারে। এ জন্য কোনো কোনো দেশে এটি আগ্রাসী আগাছা, আমাদের দেশে সুদর্শন উদ্ভিদ হিসেবে দেখা হয়। গাছ আধা পাতাঝরা স্বভাবের, অর্থাৎ শীতে পাতা ঝরলেও সম্পূর্ণ নিষ্পত্র হয় না। লতা থেকে কিছু সরু বায়ব মূল জন্মে, যা খানিকটা আঁকড়ির কাজ করে। পাতা গাঢ় সবুজ, দ্বিপত্রিক, অগ্রভাগ সূক্ষ্ম, কিনারা ঢেউখেলানো। মাটির নিচে শিকড়গুলো আলুর মতো ফুলে কন্দ গঠন করে। ফুল হলুদ, ফানেল বা সরু ঘণ্টাকৃতির, পুষ্পনলের মুখে পাঁচটি পাপড়ি গোড়ার দিকে যুক্ত থাকলেও মুখের দিকে পাঁচটি খাঁজ থাকে। সাধারণত বসন্ত-গ্রীষ্মে ফুল ফোটে। এবার শরতেও দেখলাম সে গাছে ফুল ফুটছে। ফুলে ঘ্রাণ নেই। এককভাবে বা দুই থেকে তিনটি ফুল গুচ্ছাকারে ফোটে। ফুল শেষে ফল হয়, ফল লম্বা, চ্যাপটা ও ক্যাপসুল আকৃতির। প্রতিটি ক্যাপসুল বা প্রকোষ্ঠে ১০০ থেকে ২০০টি বীজ থাকে। মাটির নিচে থাকা কন্দ থেকে বংশবৃদ্ধি ঘটে।

এ ফুলের গাছ এ দেশে এসেছে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। লোনা মাটি ছাড়া আর প্রায় সব মাটিতেই এ গাছ হয়। রোদেলা জায়গায় গাছ ভালো হয়। বিভিন্ন উদ্যান ও পথের ধারে এ গাছ লাগানো যায়। গাছ দ্রুত বাড়ে, গাছের জন্য অবলম্বন দরকার। না হলে মাটিতেই লতা শায়িত হয়ে বাড়তে থাকে। এ গাছের কিছু ঔষধি গুণ আছে বলে জানা গেছে। বিশেষ করে বাতব্যথা, আমাশয়, ম্যালেরিয়া ইত্যাদি রোগের লোকচিকিৎসায় এ গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। এ গাছের ঔষধি গুণ নিয়ে গবেষণা করা যেতে পারে। গাছটি সংরক্ষণ ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া উচিত।

মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক

Comments

0 total

Be the first to comment.

রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে কয় দিন জানাল আবহাওয়া অফিস Prothomalo | পরিবেশ

রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে কয় দিন জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি...

Sep 14, 2025

More from this User

View all posts by admin