স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে, বিয়ে করে নতুন বউ আনলেন হেলিকপ্টারে

স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে, বিয়ে করে নতুন বউ আনলেন হেলিকপ্টারে

স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়েছেন; সঙ্গে নিয়ে গেছেন দুই সন্তান, ৯ ভরি স্বর্ণ আর নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা। এ নিয়ে গ্রামে হাসিঠাট্টা, কটু কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কামাল হোসেন (৩৯)। তিনি নতুন করে সংসার গড়ছেন নূপুর আক্তারের সঙ্গে। বিয়েকে স্মরণীয় করে রাখতে নববধূকে এনেছেন হেলিকপ্টারে। গতকাল শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে এ দৃশ্য দেখা গেল।

কামালের পরিবার সূত্রে জানা যায়, কাঠাদিয়া গ্রামের কামাল পেশায় একজন বেসরকারি সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী। ১০ বছর আগে তাঁর বিয়ে হয় সাথী আক্তারের (২৮) সঙ্গে। সংসারে দুটি মেয়ে—একজনের বয়স ৮, আরেকজনের ২। এর মধ্যে মুন্সিগঞ্জ শহরের এক বিপণিবিতানে কর্মরত মুন্না নামের এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাথী। গত ১০ আগস্ট সাথী সংসার ছেড়ে চলে যান। পরে কামালকে তালাক দেন।

কামালের দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার (২৪)। গতকাল শুক্রবার দুপুরে হেলিকপ্টারে চড়ে নববধূ নূপুর আসেন কামালের বাড়ি। বিয়ের অনুষ্ঠান ঘিরে গ্রামে ছিল উৎসবের আমেজ।

কামাল বলেন, ‘একটা সময় ভেবেছিলাম এ জীবন আর রাখব না। ঠিক সে সময় ভালোবাসা নিয়ে আমার জীবনে এসেছে নূপুর ও তাঁর পরিবারের লোকজন। তাই আমি দ্বিতীয়বার বিয়েতে রাজি হই। প্রথম স্ত্রী পালিয়ে যাওয়ার আগে ভেবেছিলাম এবার বিবাহবার্ষিকীতে হেলিকপ্টারে করে ঘুরব। যেহেতু সে পালিয়ে গেছে, সব জেনেশুনে নূপুর বিয়েতে রাজি হয়েছে, তার ভালো মানসিকতাকে সম্মান দেখাতে বিয়ে করে হেলিকপ্টারে এনেছি।’

নূপুর আক্তার বলেন, ‘কামাল একজন ভালো মনের মানুষ। তার সঙ্গে একটা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। এটা কখনো যেন কারও সঙ্গে না হয়। সবকিছু জেনেশুনে কামালের মতো একজন ভালো মানুষের সঙ্গে আমার পরিবার বিয়ে দিতে সম্মত হয়। আমিও তাতে খুশি মনে রাজি হই।’

নূপুরের মামা রিমন দেওয়ান বলেন, ‘আমরা কামালকে ছোট থেকে চিনি। তিনি ভালো মানুষ। এ কারণেই আমরা নূপুরকে তাঁর হাতে তুলে দিয়েছি। গ্রামের মানুষও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।’

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin