স্ত্রীকে হত্যা মামলায় র‍্যাব হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্ত্রীকে হত্যা মামলায় র‍্যাব হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে র‍্যাবের হেফাজতে থাকা অবস্থায় এক আসামির ঝুলন্ত মরদেহ পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব। র‍্যাবের ভাষ্য, হেফাজতে থাকা অবস্থায়  গতকাল রোববার সকালে গলায় কম্বল পেঁচিয়ে ভেন্টিলেটরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম তানভীর চৌধুরী (২৫)। তিনি গাজীপুরের বাসিন্দা। নওগাঁয় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গত শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম। তিনি বলেন, নওগাঁ কাঁঠালতলীতে ১১ সেপ্টেম্বর ছুরিকাঘাতে খুন হন যূথি খাতুন (২২)। এ ঘটনায় নওগাঁ থানায় তানভীরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে পর প্রায় এক বছর আগে তানভীরকে বিয়ে করেন যূথি। বিয়ের কয়েক মাস পর যূথি জানতে পারেন, তানভীরের আরেকজন স্ত্রী আছেন। বিষয়টি নিয়ে যূথি ও তানভীরের মধ্যে কলহ শুরু হয়। একপর্যায়ে বাবার বাড়ি নওগাঁয় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন যূথি। ১১ সেপ্টেম্বর মামলার শুনানিতে আদালতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে যূথিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তানভীর। এ ঘটনায় করা মামলায় গত শনিবার রাতে জৈন্তাপুরে বোনের বাড়ি তানভীরকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে র‍্যাবের সিলেট কার্যালয়ে হাজতে রাখা হয়। পরদিন সকালে তানভীরকে হাজতে ভেন্টিলেটরের সঙ্গে কম্বল দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

র‍্যাব কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তানভীরকে গ্রেপ্তারের বিষয়টি নওগাঁ থানার পুলিশকে জানানো হয়েছিল। সিলেটে থেকে তানভীরকে সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গ্রেপ্তারের পরদিন সকালে হাজতের সংলগ্ন শৌচাগারে ভেন্টিলেটরের রডে কম্বল দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে তানভীরের পরিবারের সদস্য, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোলাপগঞ্জ থানার পুলিশের উপস্থিতিতে লাশটি নামানো হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও যোগ করে বলেন, হাজতের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় দেখা গেছে, কম্বল ভেন্টিলেটরের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তানভীর। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় তানভীরের বোন শিলা একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহটি আজ সোমবার দুপুরে তানভীরের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin