দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৯৫ ওভারে ৩০৫/৪ (লিটন ৫৮*, মুশফিক ১০১*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩)
নিজের শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। গতকাল দিন শেষ হওয়ায় অপেক্ষায় ছিলেন। অবশেষে দ্বিতীয় দিনের তৃতীয় বলেই ইতিহাসে নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এই বিরল কীর্তিতে টেস্ট ইতিহাসের এগারো নম্বর ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। এই সেঞ্চুরিতে আবার বাংলাদেশের হয়ে মুমিনুলের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগও বসিয়েছেন। তার পরের বলে ২০তম ফিফটি তুলে নেন লিটন দাসও। দুই ব্যাটারের জুটি শতরানও ছাড়িয়েছে।
প্রথম দিন মিরপুরে টস জিতে ফিফটি প্লাস রানের ওপেনিং জুটির পর প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। তার পর অবশ্য তারা ঘুরে দাঁড়ায় দারুণ প্রতিরোধে। দ্বিতীয় সেশনে মুমিনুল হক-মুশফিকুর রহিম মিলে গড়েন প্রতিরোধ। তৃতীয় সেশনে চায়ের বিরতি থেকে মুশফিক ২৮তম টেস্ট ফিফটি তুলে নিলেও ৬৩ রানে কাটা পড়েন মুমিনুল। তাতে ভাঙে ১০৭ রানের জুটি। এর পর অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান মুশফিকুর রহিম। লিটনকে নিয়ে গতকাল যোগ করেন ৯০* রান। তারা আজ ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শুরু করেছেন।