‘সুদের টাকার জন্য’ আগুন দিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ, নারী গ্রেপ্তার

‘সুদের টাকার জন্য’ আগুন দিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ, নারী গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম (৩৫) নামের এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহনাজ বেগম পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামের আমিনুল খানের স্ত্রী। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এ ঘটনায় নাছিমা বেগম (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভুক্তভোগী নারীর প্রতিবেশী হাফিজ মিয়ার স্ত্রী।

ভুক্তভোগী শাহনাজের স্বামী আমিনুল খান জানান, সুদে নাছিমা বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন তাঁর স্ত্রী। সেই টাকা পরিশোধও করা হয়। কিন্তু নাছিমা বেগম খালি স্ট্যাম্পে সই রেখে বারবার আরও ৩০ হাজার টাকা দাবি করে আসছিলেন। এ নিয়ে কয়েক মাস ধরে নাছিমার সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। নাসিমা বেগম খালি স্ট্যাম্পও ফেরত দিচ্ছিলেন না। এ ঘটনাকে কেন্দ্র করে এর আগে তাঁর স্ত্রীকে কয়েক দফা মারধরও করা হয়।

আমিনুল খান অভিযোগ করে বলেন, সর্বশেষ গতকাল রাতে নাছিমা বেগমসহ তাঁর ভাড়াটে লোকজন তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর তিনিসহ স্থানীয় লোকজন তাঁর স্ত্রীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শরীরে কেরোসিন দিয়ে আগুন দেওয়ায় শাহনাজ বেগমের পিঠের অধিকাংশসহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। এ জন্য তাঁরা তাঁকে ঢাকায় স্থানান্তর করেন।

পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হামিদ বলেন, নাসিমা বেগমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও উগ্র হয়ে যান। গতকাল শাহনাজ বেগমের গায়ে আগুন ধরিয়ে দেন। সুদের টাকার জন্য নাছিমা বেগমের দ্বারা এলাকার অনেক নিরীহ মানুষ নির্যাতিত হয়েছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত নাছিমা বেগমকে আটক করা হয়। ভুক্তভোগীর মা হাজেরা বেগম আজ শনিবার বিকেলে থানায় মামলা করেছেন। মামলায় নাছিমা বেগমকে আসামি করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin