প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে খেলার অপেক্ষায় বাংলাদেশ। ভারতে ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রস্তুতির জন্য বাংলাদেশ দল মালয়েশিয়াতে খেলে এসেছে। এই মাসের শেষের দিকে যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডেও। স্বাগতিক দেশ ও অস্ট্রিয়ার বিপক্ষে সেখানে চারটি ম্যাচ নির্ধারিত ছিল। কিন্তু ভিসা জটিলতায় সেখানে বাংলাদেশ দলের যাওয়া হচ্ছে না বলে অনেকটা নিশ্চিত হয়েছে হকি ফেডারেশন।
এখন পর্যন্ত ২৬ জনের বহরের মধ্যে একজনের ভিসা হয়েছে। ঢাকার সুইস দূতাবাস থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে স্বল্প সময়ে সবার ভিসা দেওয়া কঠিন। আগামীকাল চূড়ান্ত সবকিছু জানা যাবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কর্নেল (অব:) রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমাদের দলের সুইজারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না বলে অনেকটা নিশ্চিত হয়েছি। দলের একজন ছাড়া কারও ভিসা হয়নি। ভিসার জন্য স্লটই পাওয়া যাচ্ছে না। ওরা বলেছিল আরও আগে ভিসার জন্য আবেদন করতে। কিন্তু আমরা সুইজারল্যান্ড থেকে আমন্ত্রণ পেয়েছি কিছু দিন আগে। এখানে আমাদের কিছু করার নেই। এখন আগামীকাল ভিসার বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে। এখন ভিসা না পেলে তো কিছু করার নেই।’
আপাতত ডাচ কোচ আইকম্যানের অধীনে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন চলছে।