সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল

অবরোধ ভেঙে গাজায় যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ইতালির চারজন অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের ৪০টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশে রওনা হয়েছিল। এসব নৌযানে প্রায় ৫০০ লোক ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ বিশ্বের ৪০টির বেশি দেশের অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন।

কিছু নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে এতে বিভিন্ন দেশ থেকে আসা অন্য নৌযানগুলো যুক্ত হয়।

গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিনই কিছু নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া অন্য সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। আজ শুক্রবার সর্বশেষে নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী।

আজ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলা থেকে আটক ‘অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে’। এর আগে ইসরায়েলের পুলিশ জানিয়েছিল, ফ্লোটিলার ‘৪৭০-এর বেশি অংশগ্রহণকারীকে সামরিক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এরপর কারাগার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ইসরায়েল এর আগে দাবি করেছিল, ফ্লোটিলার কোনো নৌযান গাজার জলসীমায় প্রবেশ করতে পারেনি। কিন্তু ফ্লোটিলার আয়োজকেরা জানিয়েছিলেন, একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা টেলিগ্রামে জানিয়েছেন, ‘ম্যারিনেটকে’ আজ স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে জব্দ করা হয়েছে। এ সময় নৌযানটি গাজা থেকে প্রায় ৪২ দশমিক ৫ নটিক্যাল বা ৪৮ দশমিক ৯ মাইল দূরে ছিল।

আয়োজকেরা আরও জানিয়েছেন, ‘ইসরায়েলি নৌবাহিনী আমাদের ৪২টি নৌযানই অবৈধভাবে আটক করেছে। প্রতিটি নৌযানে মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবক ছিল। গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের সংকল্প।’

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) তথ্যমতে, ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২০ জনের বেশি সাংবাদিক রয়েছেন। স্পেনের এল পেইস, কাতারের আল–জাজিরা এবং ইতালির সরকারি সম্প্রচারমাধ্যম আরএআইয়ের সাংবাদিকেরাও এতে রয়েছেন।

আরএসএফের ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রাউক্স বলেন, সাংবাদিকদের আটক করা এবং তাঁদের কাজে বাধা দেওয়া তথ্য জানানোর অধিকারের গুরুতর লঙ্ঘন।

সুমুদ গ্লোবাল ফ্লোটিলাকে গাজায় যেতে বাধা, নৌযান জব্দ ও অংশগ্রহণকারীদের আটকের প্রতিবাদে আজ ইতালিজুড়ে সাধারণ ধর্মঘট চলছে। এতে দেশটিতে রেল চলাচল ও বন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনায় প্রায় ১৫ হাজার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ‘গাজা, তুমি একা নও’, ‘ইসরায়েলকে বর্জন করো’, ‘ফিলিস্তিনকে স্বাধীন করো’ ইত্যাদি স্লোগান দেন।

Comments

0 total

Be the first to comment.

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু Prothomalo | মধ্যপ্রাচ্য

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়...

Oct 07, 2025
আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি Prothomalo | মধ্যপ্রাচ্য

আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি

কয়েক দিন ধরে সংঘাত ও উত্তেজনার পর সিরিয়ার আলেপ্পো নগরীর দুটি এলাকায় সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র–...

Oct 07, 2025

More from this User

View all posts by admin