সুন্দরবন থেকে বাংলাদেশি ছয় জেলেকে অপহরণ 

সুন্দরবন থেকে বাংলাদেশি ছয় জেলেকে অপহরণ 

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামুন্দো ও বৈকেরি নদীর বিভিন্ন খাল থেকে ছয় বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে ভারতীয় জলদস্যুরা বলে অভিযোগ উঠেছে।

অপহৃতদের মধ্যে রাশিদুল ইসলাম (৩৫) ও আতাউর রহমান (৩২) নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মামুন্দো নদীর মারডাঙ্গা খাল ও বৈকেরি নদীর হরিণটানা খাল সংলগ্ন এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নয় সদস্যের একটি সশস্ত্র জলদস্যু দল ভারতীয় একটি নৌযানে করে এসে মাছ ধরারত জেলেদের নৌকা থেকে তুলে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, জলদস্যুদের নাম ‘কাজল-মুন্না বাহিনী’। তারা নিজেদের ভারতীয় পরিচয় দিয়েছে। জিম্মি জেলেদের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন কয়েকজন স্বজন ও ফিরে আসা জেলেরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শতাধিক গ্রামবাসী দস্যুদের খোঁজে নদীপথে রওনা হয়। তবে সীমান্ত এলাকায় পৌঁছার আগেই বিজিবি সদস্যরা তাদের আটকে দেয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগেও একই বাহিনীর তিন সদস্যকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। জলদস্যুদের বিষয়ে পুলিশ, বিজিবি ও বনবিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

এমআরএম/এসআইএস 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin