সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগী অস্ত্র ও গোলাবারুদসহ কয়রায় আটক হয়েছে। কোস্টগার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তার নাম সাগর শেখ (নও মুসলিম), আগের নাম জয় শীল (৪১)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনা জেলার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এবং নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রা উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ কর্মকর্তা বলেন, অভিযান চলাকালে আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর একজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ডাকাত সহযোগী সাগর শেখ, খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।