শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্বের বাছাই

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্বের বাছাই

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের বাছাই শুরু হবে মঙ্গলবার থেকে। বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, আটটি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই।

মঙ্গলবার থেকে চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। অডিশনের ভেন্যু নির্ধারিত হয়েছে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র।

বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে। তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে।

অডিশনের জন্য প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ সঙ্গে আনতে হবে। চূড়ান্ত বাছাই পর্বের বিজয়ীরা পরবর্তীতে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশ নেবে।

আঞ্চলিক পর্ব, বিভাগীয় পর্ব বাছাই শেষে চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে লড়াই করবে বাছাইকৃত শিশু শিল্পীরা।

নয়টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা হচ্ছে। যার মধ্যে আছে অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও হামদ-নাত।

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এক সময় নতুন শিল্পীদের উঠে আসার প্লাটফর্ম ছিল ‘নতুন কুঁড়ি’। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই প্রতিযোগিতা। সবশেষ আয়োজিত হয় ২০০৫ সালে।

এমআই/এলআইএ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin