জীবনের বড় স্বপ্নের একটি পূরণ হলো। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি। গত মঙ্গলবার তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে একই পুরস্কার পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় পুরস্কার ঘিরে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন বিক্রান্ত। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এ এক ভীষণই সুন্দর অনুভূতি। ঘরে ফেরার পর মনে হয়েছে, সত্যিই আমার জীবনে এটা ঘটেছে! আমার বহুদিনের স্বপ্ন পূরণ হলো।’
তিনি আরও বলেন, ‘২০২১ সালে এক টেলিভিশন ধারাবাহিকের শুটিং শেষ করে বরোদা থেকে ফিরছিলাম, তখন থেকেই এই স্বপ্নের জাল বুনতে শুরু করি। স্বপ্নকে ছুঁয়ে ফেলার অনুভূতি সত্যিই অন্য রকম। এই পুরস্কার আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। নিজের কাজকে আরও সুন্দরভাবে করা, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা, নির্বাকদের কণ্ঠস্বর হওয়া, দর্শককে বিনোদন দেওয়া ও অনুপ্রাণিত করা—এসব দায়িত্ব এখন আরও বেশি করে অনুভব করছি।’
বিক্রান্ত জানিয়েছেন, সময়ের সঙ্গে তাঁর কাছে সফলতার সংজ্ঞা বদলেছে। তাঁর ভাষ্যে, ‘২০ বছর আগে যখন ক্যারিয়ার শুরু করি, তখন সফলতার মানে ছিল ভিন্ন। এখন আমার কাছে সফলতা মানে হলো আমি যে স্বপ্নের জীবন কল্পনা করেছি, সেই জীবন যাপন করা। এর অর্থ শুধু পুরস্কার পাওয়া বা জনপ্রিয় হওয়া নয়, আমি চাই, পরিবার আমার পাশে থাকুক, আমি যেন শান্তিতে ঘুমাতে পারি, নিজের সন্তানকে সুন্দরভাবে বড় করতে পারি, সারা দুনিয়া ঘুরতে পারি এবং জীবনের ছোট ছোট ইচ্ছা পূরণ করতে পারি। আমার কাছে এখন এগুলোই সফলতা।’
আগামী দিনে বিক্রান্তকে গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্করের জীবনকেন্দ্রিক একটি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে। ছবিটিতে অভিনয়ের জন্য তাঁকে শারীরিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে। পর্দায় রবিশংকর হয়ে ওঠার জন্য দীর্ঘদিন দাড়ি কাটেননি। বিক্রান্ত বলেন, ‘এটা এক অত্যন্ত বিশেষ ছবি। আমি গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করছি। সিনেমাটি নির্মিত হয়েছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার পরিপ্রেক্ষিতে, যেখানে ৫২ বছর ধরে চলা গৃহযুদ্ধের আবহ দেখানো হয়েছে। এ ছবিতে অভিনয় আমার জন্য ভীষণ চাপের, তবে নির্মাতার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। সবকিছুই ঠিকঠাক চলছে। বাকিটা দর্শক বলবেন।’
২০২৩ সালে মুক্তি পাওয়া বিধু বিনোদ চোপড়া প্রযোজিত ও পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ বিক্রান্তের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটিতে তিনি মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে চমকে দেন।