টাঙ্গাইলে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত

টাঙ্গাইলে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জাহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী নির্মাণশ্রমিক কালাম মিয়া জানান, নির্মাণশ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ট্রাক ঘটনাস্থলে আসলে সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যান। স্থানীয় লোকজন ১২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

টাঙ্গাইল হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin