‘তাঁর ফেরাটা আমাদের জন্য আনন্দের’

‘তাঁর ফেরাটা আমাদের জন্য আনন্দের’

পরনে কালো টি-শার্ট, ঢোলা প্যান্ট, হাতে গিটার—গত সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন বিটিএস তারকা সুগা। তবে কোনো ক্যাপশন দেননি। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ছড়িয়ে পড়েছে।

টানা দুই বছর বিরতির পর ইনস্টাগ্রামে ফিরলেন তিনি। ফিরেই রীতিমতো ঝড় তুললেন। তিন দিনের ব্যবধানে পোস্টটিতে ৭১ লাখ লাইক পড়েছে।

ইনস্টাগ্রাম ছাপিয়ে এক্সেও তাঁর অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘তাঁর ফেরাটা আমাদের জন্য আনন্দের।’

এর আগে ২০২৩ সালের ২৫ আগস্ট শেষবারের মতো ইনস্টাগ্রামে কোনো পোস্ট করেছিলেন তিনি।

২০২৪ সালের আগস্টে সিউলে মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন সুগা। সে সময় হাতে লেখা এক চিঠিতে ক্ষমা চেয়ে সুগা লিখেছিলেন, ‘আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কষ্ট পেয়েছেন, আমিও কষ্ট পেয়েছি। আমি অনুতপ্ত।’

এই বছরের ২১ জুন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন সুগা। প্রশিক্ষণ থেকে ফিরেই অটিজমে আক্রান্ত শিশুদের চিকিৎসাকেন্দ্র গড়ে তুলতে প্রায় ৩৬ লাখ ডলার অনুদান দিয়েছেন সুগা।

প্রায় তিন বছরের বিরতির পর আগামী বছরের বসন্তে মঞ্চে ফিরছে বিটিএস। এরই মধ্যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা।

এর মধ্যে নতুন অ্যালবামের কাজ গুছিয়ে নিচ্ছে কে-পপ দলটি। গ্রুপের সদস্যরা লস অ্যাঞ্জেলেসে গান রেকর্ড করেছেন। আগামী বছরের মার্চে অ্যালবামটি প্রকাশ পেতে পারে। ২০২২ সালের জুনে সর্বশেষ অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করে বিটিএস।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin