টেকনাফে ১৭১ রোহিঙ্গা আটক, ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর

টেকনাফে ১৭১ রোহিঙ্গা আটক, ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের উদ্দেশ্যে বাইরে আসা নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক হন ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩টি শিশু।

টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক, মাইকিং ও মিটিংয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হয়। তবু কেউ ডাক্তার দেখাতে, কেউ দিনমজুরি দিতে বা মাছ ধরতে বের হন। এ সময় বিজিবি তাদের আটক করে এবং ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করে।

বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, কাজের উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে বাইরে আসা রোহিঙ্গাদের আটক করা হয়েছে। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের হাতে হস্তান্তর করা হয়েছে। আমরা সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।

এসআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin