টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃতিকে রক্ষা করতে পারলে বাংলাদেশ দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। টেকসই পর্যটন নিশ্চিত করতে হলে পরিকল্পিত নগরায়ণ, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, সাইকেল র‍্যালি, সিটি ট্যুর ও ফুড স্টল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তথ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, তরুণ সমাজকে প্রকৃতি-নির্ভর পর্যটনের প্রতি আগ্রহী করে তুলতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য—সিলেটের চা-বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন এবং পাহাড়ি অঞ্চলের জলপ্রপাত—আমাদের অমূল্য সম্পদ। এসব সম্পদ রক্ষা করলেই টেকসই পর্যটন বাস্তবায়ন সম্ভব হবে। এ জন্য তিনি সবাইকে দায়িত্বশীল পর্যটন চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রমুখ।

এসকে/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin