কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বেশিরভাগ বিভাগে নিয়মিত ক্লাস চলছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচারের দাবিতে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সকাল ৭টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশ করে তারা৷ এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানান।
অন্যদিকে, ছাত্রদল দিনভর বিভিন্ন স্পটে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকেই নিরাপত্তার শঙ্কায় ক্যাম্পাসে আসছেন না।